স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
জেলার রাজবাড়ী সদর উপজেলার বড়বাজার, গোয়ালন্দ উপজেলা এবং বালিয়াকান্দি উপজেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে একযোগে এ কার্যক্রম চালানো হয়।
রাজবাড়ী সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান। গোয়ালন্দ উপজেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
অভিযানকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মান, সংরক্ষণ পদ্ধতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ওজন ও পরিমাপে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন জানায়, রমজান মাসে সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং অনিয়ম প্রতিরোধে তদারকি জোরদার করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।