স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে একটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরা হাসান।
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদ্যালয়টিতে মোট চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। গত ৯ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে একটি ক্যামেরা খুলে নিয়ে যায়। তবে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন থাকায় চুরির কোনো ফুটেজ পাওয়া যায়নি।
ঘটনাটি টের পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। একই সঙ্গে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, গত সোমবার স্কুল ছুটির পর শিক্ষকদের পক্ষ থেকে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। ফলে চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে অবশিষ্ট তিনটি সিসি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রে নজরদারি কার্যক্রম চালু রয়েছে।