স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল মতিন বেপারী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) রাজবাড়ী সদর থানার এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার আটদাপুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের সাহের আলী মন্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আব্দুল মতিন বেপারীকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মতিন বেপারী রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া নতুনপাড়া গ্রামের মৃত হোসেন বেপারীর ছেলে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। তিনি আরও জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।