আইয়ুব আলীকে রাবেয়া বিগ বাজার কর্তৃপক্ষের আইনি নোটিশ
স্টাফ রিপোর্টার, রাজবাড়ী শহরের প্রধান সড়কের পাশে অবস্থিত অভিজাত সুপার শপ ‘রাবেয়া বিগ বাজার’ ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনার নামে প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে প্রবাসী ব্যবসায়ী আইয়ুব আলীর বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে রাবেয়া বিগ বাজার কর্তৃপক্ষ।
রাবেয়া বিগ বাজারের অন্যতম স্বত্বাধিকারী আজাদ মোল্লার পক্ষে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট কে এ বারীর মাধ্যমে সম্প্রতি এ নোটিশ পাঠানো হয়।
অভিযুক্ত আইয়ুব আলী রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের সরাফত আলীর ছেলে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী শহরের প্রধান সড়কের পাশে আব্দুর রাজ্জাক লিটনসহ কয়েকজনের তত্ত্বাবধানে রাবেয়া বিগ বাজারের ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে উদ্যোক্তারা ব্যবসা পরিচালনা থেকে সরে এসে প্রতিষ্ঠানটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় প্রবাসী আইয়ুব আলী প্রতিষ্ঠানটি ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এ নিয়ে ২০২৫ সালের ২৩ নভেম্বর রাবেয়া বিগ বাজার কর্তৃপক্ষ ও আইয়ুব আলীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে প্রতিষ্ঠানটিতে প্রায় ২ কোটি টাকার পণ্য মজুত থাকার বিষয়টি উল্লেখ করা হয়।
রাবেয়া বিগ বাজার কর্তৃপক্ষের অভিযোগ, চুক্তির শর্ত অনুযায়ী আইয়ুব আলী তাদের অনুকূলে ১ কোটি টাকার একটি চেক প্রদান করেন। চেকটি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানি লিমিটেড’-এর নামে সিটি ব্যাংকের একটি অনলাইন হিসাবের।
চুক্তি অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে চেকটি কার্যকর হওয়ার কথা ছিল। পরে রাবেয়া বিগ বাজার কর্তৃপক্ষ চেকটি নগদায়নের জন্য ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের রাজবাড়ী শাখায় জমা দেয়। তবে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় এবং চেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের করপোরেট স্ট্যাম্প না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ‘মিসিং করপোরেট স্ট্যাম্প উল্লেখ করে ডিজঅনার করে বলে অভিযোগ করা হয়েছে।
রাবেয়া বিগ বাজার কর্তৃপক্ষের দাবি, আইয়ুব আলী ইচ্ছাকৃতভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের করপোরেট স্ট্যাম্প ব্যবহার না করে চেকে স্বাক্ষর ও প্রয়োজনীয় তথ্য পূরণ করে তা প্রদান করেছেন। তাদের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড প্রতারণা ও শঠতার শামিল।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে অ্যাডভোকেট কে এ বারীর মাধ্যমে আইয়ুব আলীর কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আইয়ুব আলীর হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বর্তমানে রাবেয়া বিগ বাজার নাম পরিবর্তন করে আইয়ুব হিলটপ নামে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।