স্টাফ রিপোর্টার, রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে ৫৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মোবারক শেখ (৫৭) নামে এক কথিত সাধককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ী সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোবারক শেখ সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর বড় ভাই বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে ভুক্তভোগী মানসিক প্রতিবন্ধী নারী তার ছোট ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে পশ্চিম মূলঘর এলাকায় অভিযুক্ত মোবারক শেখের বাড়ির সামনে পৌঁছালে তিনি ওই নারীর মুখ চেপে ধরে জোরপূর্বক নিজ ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করার পর বাড়িতে পাঠিয়ে দেন।
পরবর্তীতে ভুক্তভোগী বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে তিনি জানান, মোবারক শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।