স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কাপড় বাজার এলাকায় নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে হেনস্তা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার বিকেলে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি মামলা করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে শনিবার রাজবাড়ী কাপড় বাজার এলাকায় ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তির সঙ্গে ওই নারীকে নিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে এক যুবক এগিয়ে এসে তাকে লাথি মারছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নানা আলোচনা, সমালোচনা ও মন্তব্য দেখা যায়।
এদিকে ঘটনার প্রতিবাদ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার দুপুরে কাপড় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে একটি সমাবেশ করেন। সেখানে শনিবারের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে খণ্ডিত ভিডিও প্রচার করে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগেরও প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।
সমাবেশে রাজবাড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজির আহমেদসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কাজী বেনজির আহমেদ বলেন, অভ্যন্তরীণ সভা ও আলোচনা করার জন্য ব্যবসায়ীরা সাময়িকভাবে দোকানপাট বন্ধ রেখেছিলেন। শনিবারের ঘটনার পর আইনগতভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ওই নারীকে লাথি মারার ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সংগৃহীত