স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে কল্পনা রানীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) ২০২৬ দুপুরে তিনি বাঘুটিয়া গ্রামে কল্পনা রানীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে সংসদ সদস্য মো. হারুন অর রশিদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে খোঁজ নেন তিনি।
উল্লেখ্য, সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগে চিকিৎসাধীন অবস্থায় কনিকা মন্ডল (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী।
ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার পেটে প্রায় দেড় কেজি গজ থাকার অভিযোগ ওঠে। পরে অস্ত্রোপচার করে তা বের করা হয়েছিল।
কনিকা মন্ডলের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলও বাঘুটিয়া গ্রামে ছুটে আসেন।
এদিকে, এমপি হারুন অর রশিদের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্য সরাসরি পরিবারের কাছে এসে তাদের কথা শুনেছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এতে শোকাহত পরিবারটি কিছুটা হলেও সাহস ও মানসিক শক্তি পেয়েছে।