স্টাফ রিপোর্টার।।
রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বালিয়াকান্দি উপজেলায় একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিকের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার মেসার্স আর.এস.বি ব্রিকস নামক একটি ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ভাটাটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। এ সময় অবৈধ ইটভাটাটির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটার সকল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।