স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে এক জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টভুক্ত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাংশা মডেল থানার এসআই (নিঃ) শামীম হাসানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহারিয়ার হোসেন, মো. শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মো. জসিম মোল্লা, আবুল বাশারসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাংশা উপজেলার পূর্ব বাগদুলী গ্রামের মৃত মুন্সি আব্দুল কাদেরের ছেলে মো. শরিফুল ইসলাম (২৮) এবং নিভা এনায়েতপুর গ্রামের রহমান মীরের ছেলে আফসার মীর।
পুলিশ সূত্রে জানা যায়, মো. শরিফুল ইসলাম একটি জিআর সাজাপ্রাপ্ত মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি জিআর ওয়ারেন্ট রয়েছে। অপরদিকে আফসার মীরও দুটি জিআর ওয়ারেন্টভুক্ত মামলার আসামি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে পাংশা থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।