স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা উপজেলায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কুড়াপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুমু ঢাকার দৌলতপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে নানাবাড়িতে থাকতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মুমু বিবাহিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে মুমুকে কুড়াপাড়া রেলগেট এলাকায় কয়েকবার ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বেলা ১১টার দিকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুমুর মা আমেনা বেগম মুঠোফোনে বলেন, আমার মেয়ে বিবাহিত। সে নানাবাড়িতে থাকত, আর আমরা ঢাকায় থাকি। সে কেন ট্রেনের সামনে ঝাঁপ দিল, তা আমরা জানি না।
মুমুর স্বামী আকাশ আলী বলেন, সকালে মুমু আমার কাছে মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু কাজে যাওয়ার সময় ফোনটি আমি সঙ্গে নিয়ে যাই। সে কখন বাড়ি থেকে বের হয়েছে, তা আমার জানা ছিল না। পরে শুনতে পাই, ট্রেনের ধাক্কায় আমার স্ত্রী মারা গেছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মুমুর মৃত্যুর কারণ ও ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।