স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর হাসান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ শাহাদাৎ হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন পাইলট, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুল হক, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লা এবং গোয়ালন্দ ঘাট থানার পক্ষে এসআই নাজিমউদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সাথী দাস বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের জাতিসত্তা, ভাষার মর্যাদা এবং আত্মপরিচয়ের প্রতীক। ভাষা আন্দোলনের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়, নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসাই একটি জাতির শক্ত ভিত। আগামী প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে দিবসটির কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজন।
মহান ভাষা শহীদদের স্মরণে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানানো হয় সভা থেকে।