বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৫টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলের একটি নির্জন পুকুরপাড় এলাকায় কুকুর মরদেহ টানাটানি করলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন সেখানে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহের কিছু অংশ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে এক নারী ও একটি শিশুর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহগুলো আংশিক গলিত ও বিকৃত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে দুর্বৃত্তরা মা ও শিশুকে হত্যার পর মরদেহ গোপন করতে মাটিচাপা দিয়ে রাখে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।