স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দঘাটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও র্যাব-৬-এর যৌথ অভিযানে নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার হোসেন পত্তনদারের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা নজরদারি, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে জামাল পত্তনদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে নড়াইলের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় গুলি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডলকে হত্যা করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত হত্যা মামলায় জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর মৃত্যুদণ্ড এড়াতে তিনি ভারতে পালিয়ে যান।
পরবর্তীতে ২০২৫ সালের ১০ আগস্ট ভারতের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করা হয়। কয়েক মাস ভারতের কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। প্রায় দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন বলে জানিয়েছে র্যাব।
এ তথ্যের ভিত্তিতে তার ওপর নজরদারি আরও জোরদার করা হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নড়াইলে অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফারহান মাহমুদ মোক্তাদা, এডি, মেজর, অধিনায়কের পক্ষে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব আরও জানায়, জামাল পত্তনদার রিপন মন্ডল হত্যা মামলা ছাড়াও দুটি অস্ত্র, দুটি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি চাঁদাবাজির মামলার এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারের পর জামাল পত্তনদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।