স্টাফ রিপোর্টার;
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: জাকির হোসেনের চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের একটি দল।
সোমবার (২৯ অক্টোবর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার রুপসা থানার মৃত ইউনুস শেখ এর ছেলে মোঃ আলামিন শেখ (২৬) এবং মোঃ ইমরান শেখ এর ছেলে মোঃ শরিফুল ইসলাম সৌরভ (২০)।
জানা গেছে, গত ২৪ অক্টোবর সকাল ৯টার দিকে জাকির হোসেনের মোটরসাইকেলটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের পাশে বারান্দায় রাখা অবস্থায় চুরি হয়ে যায়। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এই মামলার তদন্তভার এস আই সেলিম মোল্লার উপর অর্পণ করেন। পরবর্তীতে এস আই সেলিম মোল্লা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করে একটি চৌকস টিম নিয়ে গোপালগঞ্জ জেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট থানার চৌকস একটি দল গোপালগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে এবং তাদের দখলে থাকা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।