স্টাফ রিপোর্টার: দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছে। তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ সানু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান সেলিম ও সাধারণ সম্পাদক শাহিন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম মণ্ডল ও সাধারণ সম্পাদক বাবুসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা রাজনৈতিক সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণেরও আহ্বান জানান।