স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় প্রশাসনের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খান। অভিযানে অংশ নেয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
অভিযান চলাকালে দৌলতদিয়া এশিয়া বোর্ডিং এলাকায় আশীষ চন্দ্র শীল (২৬) নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার বেলিশ্বর এলাকার মৃত আনন্দ চন্দ্র শীলের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আশীষ চন্দ্র শীলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানে পুড়াভিটা এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সাল (২৪)-কে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাকে হাতকড়া পরানোর পর স্থানীয় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা প্রশাসনের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা হাতকড়াসহ ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, আমার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুড়াভিটা এলাকায় এক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজনকে মাদকসহ আটক করা হয়। একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। অপর আসামি ফয়সালকে মাদক ও নগদ টাকাসহ আটক করা হলেও হাতকড়া পরানোর পর সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, হামলার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।