কলকাতায় সাকিব আল হাসান একটি পূজামণ্ডপে কালীপূজা উদ্বোধন করেছেন। গত ১২ নভেম্বর এমন খবর গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠে। কলকাতার কয়েকটি গণমাধ্যম এবং পূজার আয়োজকরাও জানিয়েছিলেন, সাকিব সেখানে কালীপূজা উদ্বোধন করতে গিয়েছেন।
সেই থেকে সমালোচনা চলছিলই। এতদিন এই বিষয়ে মুখ খুলেননি বিশ্বসেরা অলরাউন্ডার। অবশেষে সাকিব প্রকাশ্যে আসলেন তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। জানালেন, যা ছড়িয়েছে সেই খবর সত্যি নয়। পূজা উদ্বোধন করেননি বলেই দাবি করলেন সাকিব। তবে পূজামণ্ডপে গিয়েছেন বলে ক্ষমাও চেয়েছেন তিনি।
এরপর পুরো ঘটনাটি খোলাসা করেন সাকিব। তিনি বলেন, ‘সব জায়গায় এসেছে আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি। কিন্তু আসলে আমি পূজা উদ্বোধন করতে যাইওনি, করিওনি। এটির প্রমাণ আপনারাও পাবেন। ওখানে অনেক সাংবাদিক ভাই ছিলেন, যাদের ওখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া কার্ডে লেখাও আছে কে আসলে পূজা উদ্বোধন করেছেন এবং সেটি উদ্বোধন হয়েছে আমি যাওয়ার আগেই।’
সাকিব ক্ষমা চেয়ে বলেন, ‘অবশ্যই ঘটনাটি স্পর্শকাতর। আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। ভুল-ত্রুটি হবেই। ভুল-ত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্যও ক্ষমা প্রার্থনা করছি।’
‘যে জায়গাটিতে আমাদের অনুষ্ঠানটি হয়েছে, সেটি পূজামণ্ডপ ছিল না। সেখানে একটি স্টেজ ছিল। পুরো অনুষ্ঠানটি সেখানে করা হয়। প্রায় ৪০-৪৫ মিনিট আমি সেখানে ছিলাম। সেখানে ধর্ম-বর্ণ নিয়ে কোনো কথা হয়নি।’