স্টাফ রিপোর্টার: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা, যুব উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ, উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, রাজবাড়ীর আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জি।
অনুষ্ঠানে যুব উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ও তৈরি করা বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। মেলায় মোট সাতটি স্টলে বিভিন্ন ধরনের পণ্য ও সেবা প্রদর্শন করা হয়। স্টলগুলোতে ছিল জাসমা ভার্মি কম্পোস্ট, খান এগ্রো অ্যান্ড মাশরুম ফার্ম, নার্সারি ড্রিম, কেক জোন, হাল ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস, নাজ ব্লক বাটিক হাউস এবং শিশু-কিশোর ও যুব অধিকার পরিষদ।
আলোচনা সভা শেষে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম কেক কেটে জাতীয় যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং যুব উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।