স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া এলাকায় ওজন ও পরিমাপের নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ওজন ও পরিমাপের নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ও ৩২(১) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৪৬ ও ৪৮ ধারা অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
অভিযান চলাকালে ব্যবসাপ্রতিষ্ঠানে ওজন ও পরিমাপের ক্ষেত্রে যথাযথ মানদণ্ড ব্যবহার নিশ্চিত করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, জনস্বার্থ রক্ষা এবং ক্রেতাদের সঠিক ওজনে পণ্যপ্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।