স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় কাগজপত্রের ত্রুটি ও হেলমেট না থাকায় একটি যাত্রীবাহী বাস ও পাঁচটি মোটরসাইকেলসহ মোট ছয়টি যানবাহনকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় রাজবাড়ী বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, মোটরযান আইনে প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটি থাকায় একটি যাত্রীবাহী বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিবন্ধন না থাকা ও হেলমেট ব্যবহার না করার দায়ে পাঁচটি মোটরসাইকেলকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও মহাসড়কে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ফিটনেস ও নিবন্ধনবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চালক ও যাত্রীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মহাসড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।