স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন অমান্য ও যানবাহনের কাগজপত্রে ত্রুটি থাকায় কয়েকটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গোয়ালন্দ মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত।
অভিযানকালে মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুট পারমিট, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় আইন অমান্যকারী ও ত্রুটিপূর্ণ কাগজপত্রধারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্সবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণ করা জরুরি। জনস্বার্থে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।