স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা আর্থিক অনুদান পেয়েছেন ২৩ জন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত ব্যক্তি। বুধবার (২১ অক্টোবর) রাজবাড়ী সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সহধর্মিণী আমেনা শফিক।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক সংকট কিছুটা লাঘব এবং তাঁদের জীবনযাত্রায় সহায়তা করার লক্ষ্যে এ অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জেলা নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মো. আলিমুজ্জামান এবং রাজবাড়ী পৌর জামায়াতের আমির ডা. মো. হাফিজুর রহমান।
এ ছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. রঞ্জু বিশ্বাস, রাজবাড়ী সদর জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. রাজু আহমেদ ও সেক্রেটারি মো. ইব্রাহীম খলীল উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার সম্মিলিত দায়িত্ব। এ ধরনের আর্থিক সহায়তা দরিদ্র মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। তাঁরা অসহায় মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।