স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যার কথা শুনে আর্থিক সহায়তা প্রদান করেন।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বাড়ইডাঙ্গা এলাকার দুটি মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন। পরে শতবর্ষী ঐতিহ্যবাহী মঠমন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির কর্তৃপক্ষ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। মহা নবমী উপলক্ষে তিনি মন্দিরে পূজার আরতি উপভোগ করেন।
এরপর প্রতিমন্ত্রী গোয়ালন্দ বাজারের বালক সমিতি সার্বজনীন পূজামন্দির, গোয়ালন্দ বাজার সার্বজনীন পূজামন্দির, রামকৃষ্ণ পল্লী সার্বজনীন পূজামন্দির ও নগররায়ের বাড়ির পূজামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সব ধর্মের মানুষ এ দেশে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্যে একসঙ্গে বসবাস করেন। আপনারা এ দেশের গর্বিত নাগরিক। সব সময় মাথা উঁচু করে চলবেন এবং আনন্দের সঙ্গে নিজেদের ধর্মীয় কৃষ্টি ও সংস্কৃতি উদযাপন করবেন। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে।
হরিজন সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজেদের হরিজন বলেন, আসলে আমরা সবাই মানুষ। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।
তিনি আরও বলেন, সামাজিক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এমন একটি দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে, যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম বজায় থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) হুমায়ুন রেজা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, ভিপি গাজী হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আকমল হোসেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গফুর, মজিদ বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, জেলা বিএনপির সদস্য প্রকৌশলী মো. মাহবুব আলম শাহীনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।