স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী পৌর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে এশার নামাজ শেষে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদ থেকে বের হচ্ছিলেন পিয়ারুল। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুলিবিদ্ধ পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকের বাঁ পাশে গুলির আঘাত ছিল বলে জানা গেছে।
এদিকে, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ পিয়ারুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিয়ারুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।