শিরোনাম
রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা বালিয়াকান্দিতে ড্রাম ট্রাকের ডালায় ধাক্কা লেগে নারীর মৃত্যু পাংশায় চোর অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড রাজবাড়ীতে নৌযান শুমারি নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার / ২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: টানা প্রায় সাড়ে ৪৩ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে এসব রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়।

তবে গোল্ডেন লাইন পরিবহনের চলাচলকে কেন্দ্র করে রাজবাড়ীর পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বিরোধ এখনো পুরোপুরি মেটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের আশ্বাসে আপাতত বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার পর গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বাধ্য হয়ে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করেন।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে গোল্ডেন লাইন নিয়ে বিরোধ এখনো সমাধান হয়নি। প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চললে তাদের কোনো আপত্তি নেই। তবে এর বেশি ট্রিপ চালাতে দেওয়া হবে না।
সুকুমার ভৌমিক আরও বলেন, মঙ্গলবারের ঘটনার পর ফরিদপুরে রাজবাড়ীর একটি বাসের গ্লাস ভাঙচুর, চালক ও হেলপারকে মারধর এবং ১৭ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে প্রশাসন বাস চলাচলের নিরাপত্তার দায়িত্ব নেওয়ায় তারা পুনরায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের সূত্রপাত হয়। সে সময় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চালানোর সিদ্ধান্ত হয়। উভয় পক্ষই ওই সিদ্ধান্ত মেনে নেয়।

তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গোল্ডেন লাইন পরিবহন ওই সিদ্ধান্ত উপেক্ষা করে ধীরে ধীরে ট্রিপ বাড়াতে থাকে বলে অভিযোগ রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের। তাদের দাবি, কোনো কোনো দিন রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইনের ২৮টি পর্যন্ত ট্রিপ চলেছে। এতে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, মঙ্গলবার সকালে রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহনের চারটি বাস চলাচলের পর অতিরিক্ত বাস চলাচলে শ্রমিকরা বাধা দেন। এর জেরে ফরিদপুরে রাজবাড়ীর বাস আটকে দেওয়া হয়। এ সময় রেখা পরিবহনের একটি বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের অভিযোগও ওঠে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েলও বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বাস চলাচল স্বাভাবিক হলেও গোল্ডেন লাইন পরিবহনের ট্রিপসংখ্যা নিয়ে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। আগামী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আপাতত বাস চলাচল স্বাভাবিক হয়েছে। পরে সংশ্লিষ্টদের নিয়ে বসে বিরোধের স্থায়ী সমাধান করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg