স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: প্যাকেটজাত খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তা সংযুক্ত করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবিতে রাজবাড়ীতে খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাজবাড়ী জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাজবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা দীপঙ্কর মন্ডলের সঙ্গে সংক্ষিপ্ত অ্যাডভোকেসি শেষে তার মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম (লিন্টু) স্মারকলিপিটি প্রদান করেন। এ সময় পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মুজিবুর রহমান খান জুয়েল, শাপলা মহিলা উন্নয়ন সংস্থার ম্যানেজার খোরশেদ আলম এবং দৈনিক সংবাদের প্রতিনিধি শেখ রাজীব উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে এসব উপাদানের পরিমাণ সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
তিনি বলেন, ভোক্তাদের সচেতন করতে খাদ্যপণ্যের মোড়কে লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ সহজে বোঝা যায়, এমন স্বাস্থ্য সতর্কবার্তা থাকা উচিত। এর মাধ্যমে ভোক্তারা খাবার কেনার আগে পণ্যের পুষ্টিগুণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।
স্মারকলিপিতে প্যাকেটজাত খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তা লিপিবদ্ধ করার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।