স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: নৌযান শুমারি সম্পন্ন করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে নৌযান শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহ, প্রচারণা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী, নৌযানের মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌযান শুমারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
সভায় স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রেজাউল করিম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ ইস হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানকে এ শুমারির আওতায় আনা হবে। তবে সেনা, নৌ ও বিমানবাহিনীর নৌযান এ গণনার আওতার বাইরে থাকবে।
আগামী ২০ আগস্ট থেকে নৌযান শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ২৯ আগস্ট পর্যন্ত চলবে। প্রাথমিক তথ্যানুযায়ী, দেশে মোট ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি। এর মধ্যে ঘাটভিত্তিক নৌযানের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৪৭টি বলে সভায় জানানো হয়।