স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা অন্তু সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, পৌর জামায়াতের আমির মাওলানা মো. জালাল উদ্দিন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারসহ কমিটির সদস্যরা।
সভায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ যথাযথভাবে বাস্তবায়ন, জনসাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় খাদ্যে ভেজাল ও অনিরাপদ খাদ্য প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত তদারকি জোরদারের বিষয়েও আলোচনা হয়।