স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উপলক্ষে রাজবাড়ীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক জনাব আব্দুস সালাম মিয়া, জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তার ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা বলেন, শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান তাদের দীর্ঘদিনের সেবার প্রতি সম্মান ও স্বীকৃতির বহিঃপ্রকাশ। এ ধরনের কার্যক্রম অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করবে।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে দেশের বিভিন্ন প্রান্তের উপকারভোগী শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা যুক্ত হন।