স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকাররম মোল্লা (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকাররম মোল্লা ওই গ্রামের শহিদুল মোল্লার ছেলে। সে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে বাড়িতে ফেরে মোকাররম। পরে হাত-পা ধুয়ে ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ পর টেবিল ফ্যান চালু করতে গিয়ে সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায় সে।
এ সময় বিষয়টি দেখতে পেয়ে তার মা মমতাজ চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা দ্রুত মোকাররমকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ডা. মাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদারের নেতৃত্বে এসআই মো. কাঞ্চন মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।