স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে টাকা-পয়সার দেনা-পাওনা নিয়ে তর্ক-বিতর্কের জেরে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু কামরুল ইসলাম ফকিরের (৩৫) বিরুদ্ধে।
ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত কামরুলকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে গোয়ালন্দঘাট থানা সদরের তোড়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার কামরুল ইসলাম ফকির গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার মৃত ছিদ্দিক ফকিরের ছেলে।
গোয়ালন্দঘাট থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার সকালে টাকা-পয়সার দেনা-পাওনার হিসাব নিয়ে শরিফুল ইসলাম হীরা ও কামরুল ইসলাম ফকিরের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে কামরুল ধারালো ছুরি দিয়ে হীরাকে ছুরিকাঘাত করেন। পরে ঘটনাস্থলে ছুরিটি ফেলে পালিয়ে যান তিনি।
ছুরিকাঘাতে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় হীরাকে পরিবারের সদস্যরা দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সামছুন নাহার মুক্তার এজাহারের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই গোয়ালন্দঘাট থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযানে নামে। পরে একই দিন দুপুর ১২টার দিকে গোয়ালন্দের ছোট ভাকলা এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে রাজবাড়ীর সিজেএম আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইনের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ একটি ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।