স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি তৈরি সাব-মেশিনগান ও পিস্তলসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, তিনটি ম্যাগাজিন, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ আগস্ট) র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান চালায়।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর থানার পাচুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. মোমিন মোল্লা (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মহিষখোলা এলাকার আফজাল মোল্লার ছেলে।
অভিযানে মোমিন মোল্লার কাছ থেকে বিদেশি তৈরি একটি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
অন্যদিকে, একই রাতে রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দ থানার ছোট ভাকলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসান আলী বিশ্বাস (৩৬) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ছোট ভাকলা এলাকার মো. বাবু বিশ্বাসের ছেলে।
হাসান আলী বিশ্বাসের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা কার্তুজসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০-এর অতিরিক্ত ডিআইজি ও অধিনায়ক (পরিচালক) মোহাঃ আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, অবৈধ অস্ত্র ও মাদকের উৎস এবং ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।