স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়নের লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যুবদল।
মঙ্গলবার (৪ আগস্ট) সাওরাইল ইউনিয়নের মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, তারেক রহমানের আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালী উপজেলার সাতটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম (ভিপি বকুল), কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, সদস্য সচিব ডা. জাকির হোসেন, সাওরাইল ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কামাল হোসেন।
এ সময় উপজেলা যুবদল নেতা ফিরোজ রহমান টিটু, রফিকুল ইসলাম রকি, শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম বাঁধন, জামাল, জাকিরসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন।
আয়োজকরা বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে গাছ লাগানো প্রয়োজন। এ লক্ষ্যেই উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
তারা আরও জানান, শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণের দিকেও গুরুত্ব দেওয়া হবে, যাতে এসব গাছ ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।