স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তেলের মিলসহ প্রায় ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে বহরপুর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিলে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে জলিল মোল্লার তেলের মিল, তাঁর ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গোডাউন, মিল্টন মোল্লার পাটের ঘর, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান এবং আব্দুল হান্নান স্যারের ছেলে সুমনের ওষুধের দোকানসহ প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও স্থাপনা সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে বলে জানা গেছে।