স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রাজবাড়ী সরকারি কলেজ, রাজা সূর্য্যকুমার ইনস্টিটিউট (আরএসকে) এবং অংকুর স্কুল অ্যান্ড কলেজের ১০০ মিটারের মধ্যে অবস্থিত বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় কয়েকটি দোকানে তামাকজাত দ্রব্য, বিশেষ করে সিগারেট বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে দায়ী দোকানিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি ও সংরক্ষণ থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের সুস্থ বিকাশ নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্যের সহজলভ্যতা রোধে প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি নিয়ন্ত্রণ করা গেলে শিক্ষার্থীদের মধ্যে ধূমপানের প্রবণতা কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উদ্যোগকে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রি নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।