স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযানে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৮ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে গোয়ালন্দ পৌরসভা ও উজানচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন গোয়ালন্দ পৌরসভার উত্তর দৌলতদিয়ার সোহরাব মোল্লাপাড়া এলাকার মৃত রফিক শেখের ছেলে মো. শাকিল শেখ (৩৪) এবং উজানচর ইউনিয়নের রমজান মাতবরপাড়া এলাকার মৃত বাবলু মল্লিকের ছেলে মুরাদ মল্লিক (২৮)।
অভিযান সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লাপাড়া পৌর ঈদগাহ এলাকায় পরিচালিত অভিযানে শাকিল শেখের কাছ থেকে ৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে উজানচর ইউনিয়নের রমজান মাতবরপাড়া এলাকায় পৃথক অভিযানে মুরাদ মল্লিকের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় তাদের কাছ থেকে মোট ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি SUZUKI GIXXER 155 সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃত দুজনই এলাকার চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।