স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে পানিতে ডুবে সানবির (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নৈমুদ্দিন খারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানভির গোয়ালন্দঘাট উপজেলার তমিজ উদ্দিন মৃধাপাড়া এলাকার ফারুক মোল্লার ছেলে। সে তার নানা বাড়ি নৈমুদ্দিন খার গ্রামে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জামাল খার খামারবাড়ির পূর্ব পাশের খালে বৃষ্টির জমে থাকা পানিতে গোসল করতে নামে সানভির। একপর্যায়ে পা পিছলে পানির গভীরে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত খোঁজাখুঁজি শুরু করেন। পরে খালের পানির প্রায় তিন ফুট নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় সানভিরকে দ্রুত গোয়ালন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে গোয়ালন্দঘাট থানার এসআই মো. ফারুক হোসেন (পিপিএম) ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
শিশু সানভিরের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।