শিরোনাম
গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে

গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা

স্টাফ রিপোর্টার / ২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শ্বশুর-শাশুড়ির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও সেবার স্বীকৃতি হিসেবে তিনজন পুত্রবধূকে সম্মাননা প্রদান করা হয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্ন কুড়ি ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে পরিবারে মানবিক মূল্যবোধ ও পারিবারিক বন্ধনকে উৎসাহিত করেছে।

সোমবার (৮ জুন) সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার সেরা তিন পুত্রবধূ হিসেবে মোছা. সহিতন নেছা, নাছিমা আক্তার ডলি ও ফেরদৌসী বেগম-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পুত্রবধূ ও শ্বশুর-শাশুড়ির ঐকান্তিক, অনবদ্য ও চিরায়ত সম্পর্কের বন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পাওয়া পুত্রবধূরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা আবু সাইদ মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খন্দকার আবদুল মহিত হীরা, সানোয়ার আহমদ, সাধারণ সম্পাদক ফাহিম আশরাফ হিমেল, শিক্ষানবীশ আইনজীবী নাজমুল হাসান ও আকিব সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে আবু সাইদ মন্ডল বলেন, বর্তমানে পরিবারগুলো ক্রমেই ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে। আবহমান বাংলার একান্নবর্তী পরিবারের ঐতিহ্য ধরে রাখা এবং পারিবারিক মূল্যবোধকে উৎসাহিত করতেই আমরা এ সম্মাননার আয়োজন করেছি। তিনি জানান, যাচাই-বাছাই কমিটি গোয়ালন্দ উপজেলার ৪৭ জন পুত্রবধূর মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচন করেছে।

সম্মাননা পাওয়া ফেরদৌসী বেগম বলেন, এই স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। আমার শ্বশুর আমাকে সবসময় মেয়ের মতো ভালোবাসতেন। শ্বশুর-শাশুড়ির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কাউকে শিখিয়ে দেওয়া যায় না, এটি অন্তর থেকেই আসে।
আরেক সম্মাননাপ্রাপ্ত নাছিমা আক্তার ডলি বলেন, শ্বশুর-শাশুড়ির মধ্যে আমি আমার মা-বাবার প্রতিচ্ছবি খুঁজে পাই। তাঁদের সেবা ও যত্ন করতে পারাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

সম্মাননা পাওয়া মোছা. সহিতন নেছা প্রতিদিন একটি খাবারের হোটেল পরিচালনার পাশাপাশি অসুস্থ শাশুড়ির সেবাযত্ন করে যাচ্ছেন। নিজের আর্থিক সংকট ও বসবাসের উপযুক্ত ঘরের অভাবের কথাও তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে তাঁর শাশুড়ি আবেগাপ্লুত হয়ে জানান, পুত্রবধূই তাঁর সবচেয়ে বড় ভরসা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, একসময় একান্নবর্তী পরিবার ছিল আমাদের সমাজের স্বাভাবিক চিত্র। এখন এমন উদাহরণ খুঁজে বের করে সামনে আনতে হয়। এই আয়োজন অন্য পুত্রবধূদেরও শ্বশুর-শাশুড়ির প্রতি আরও যত্নশীল হতে উদ্বুদ্ধ করবে। পরিবারে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পেলে সমাজও আরও সুন্দর হবে।
অনুষ্ঠান শেষে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পারিবারিক মূল্যবোধ ও সামাজিক বন্ধন জোরদারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg