স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ জুন) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার এবং দুই আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বিলনদীপুর গ্রামের মৃত আহম্মেদ মোল্লার ছেলে এনায়েত মোল্লা (৪৮) এবং সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি গ্রামের আজগর আলী মিয়ার ছেলে আলামিন মিয়া (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে বিলনদীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এনায়েত মোল্লার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার শাইলকাঠি গ্রামে পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় আলামিন মিয়ার মুদি দোকান ঘেরাও করে তার দেহ তল্লাশি করা হলে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।
ডিএনসি জানিয়েছে, এনায়েত মোল্লা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। একইভাবে আলামিন মিয়াও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত একজন পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রাজবাড়ী সদর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।