রাজবাড়ী পৌর শহরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার ভিপি ফরিদ সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
নিহত জাহিদ হাসান একই এলাকার মাহাতাব ফকীরের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে বাড়িতে খাবার খেয়ে তিনি বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে সাহেব আলী ওরফে মনোর একটি দোকানে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জাহিদকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। এরপর থেকে বাড়িতেই অবস্থান করছিলেন এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।