স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পাংশা থানার হাবাসপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাবাসপুর গ্রামের মো. জিয়া বিশ্বাস, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. দ্বীন ইসলামের ছেলে মো. শুভ ইসলাম (১৯) এবং দৌলতপুর থানার বাধের বাজার এলাকার মো. আশাদুলের ছেলে মো. মুকমিনুল ওরফে সাইমুন (১৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল পৃথক এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, প্রথমে হাবাসপুর গ্রামের মো. জিয়া বিশ্বাসের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর একই এলাকায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ অভিযানে ১ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় মো. শুভ ইসলাম ও মো. মুকমিনুল ওরফে সাইমুনকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানে উদ্ধার করা গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।