স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা এড়াতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ লাঠি ও ইট-পাটকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নারুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে লাঠি ও ইট-পাটকেলসহ হিলাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি উপজেলার নারুয়া বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট ৫৪টি লাঠি ও পাঁচ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়।
অভিযানে বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রুবাইয়াতসহ সেনাবাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।