স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় পদ্মা নদীর ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে জিওব্যাগ ফেলার কার্যক্রমের খোঁজ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডের ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকরা বালুভর্তি জিওব্যাগ নদীর তীরবর্তী স্থানে ফেলার কাজে ব্যস্ত রয়েছেন।
এ সময় ভাঙনকবলিত স্থান ও জিওব্যাগ ফেলার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মো. তৌহিদুল ইসলাম জানান, দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডে জরুরি ভাঙনরোধে মোট ৬ হাজার ৫৫৯ বস্তা বালুভর্তি জিওব্যাগ ফেলা হবে। সোমবার পর্যন্ত সেখানে প্রায় ২ হাজার ১০০ বস্তা জিওব্যাগ ফেলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, ভাঙন ঠেকাতে জরুরি মেরামতের অংশ হিসেবে বলগেটের মাধ্যমে বালু এনে জিওব্যাগে ভরে নদীর তীরবর্তী এলাকায় ফেলার কাজ শুরু হয়েছে। দৌলতদিয়া ও দেবগ্রাম এলাকার ভাঙন পরিস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, যেসব স্থানে বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে, সেখানে নির্ধারিত ওজন ও সঠিকভাবে বস্তা ফেলা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।