স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর মজলিশপুর এলাকায় কৃষিপণ্য বিক্রয়ে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা কৃষি অফিসারের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে রুবেল ফকির নামে এক ব্যবসায়ীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সার বিক্রির দায়ে কুদ্দুস ফকির নামে অপর এক ব্যবসায়ীকে একই আইনের ৪৫ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, কৃষিপণ্য বিক্রয়ে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়া সার-কীটনাশক বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।