ডেস্ক রিপোর্ট ।।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে ৪ মামলায় ৭ দিন করে মোট ২৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার (২৬ জুলাই) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে টানা ১০ দিনের রিমান্ডে ছিলেন শাহেদ। সেই রিমান্ড শেষে সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। শুনানি শেষে চার মামলায় সাহেদের ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
করোনা টেস্ট পরীক্ষা প্রতারণার অভিযোগে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে যাওয়া অবস্থায় রিজেন্ট হাসপাতালের শাহেদকে গ্রেফতার করে র্যাব। এরপরে বৃহস্পতিবার (১৬ জুলাই) শাহেদকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত।