শিক্ষকদের সাথে দাঁড়িয়ে পেশার সুরক্ষা, এর মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন স্লোগানসংবলিত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, এফকে টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি জাতি গঠনের মহান ব্রত। শিক্ষকরাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বক্তারা আরও বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হলেও অনেক ক্ষেত্রে তাঁরা যথাযথ মূল্যায়ন ও মর্যাদা থেকে বঞ্চিত। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ, সুযোগ-সুবিধা বাড়ানো এবং সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা প্রয়োজন।
তাঁরা বলেন, একটি দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের সঙ্গে শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধার বিষয়টি সরাসরি জড়িত। তাই ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।