প্রায় এক মাস ধরে বন্ধ সরকারি সেবা, ভোগান্তিতে অসহায় রোগীরা
স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সরকারি অ্যাম্বুলেন্সটি চাকার অভাবে প্রায় এক মাস ধরে তালাবদ্ধ হয়ে পড়ে আছে।
এতে জরুরি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত রোগীরা সরকারি অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করতে হচ্ছে স্বজনদের। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য এ পরিস্থিতি বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অ্যাম্বুলেন্সটির নতুন চাকা কেনা ও সংযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় সেটি সচল করা সম্ভব হচ্ছে না।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটি ব্যস্ততম দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা সরকারি এ হাসপাতাল। প্রতিদিন গড়ে সাড়ে ৪০০ রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। জরুরি অস্ত্রোপচারসহ উন্নত চিকিৎসার প্রয়োজনে অনেক রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কিন্তু হাসপাতালের গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্সটি গত ২৮ অক্টোবর থেকে বিকল হয়ে গ্যারেজে তালাবদ্ধ রয়েছে। ফলে রেফার্ড করা রোগীদের পরিবহনে তৈরি হয়েছে সংকট। সরকারি অ্যাম্বুলেন্স সেবা না পেয়ে রোগীর স্বজনদের বাইরে থেকে বেশি ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে।
হাসপাতালে কর্মরত অ্যাম্বুলেন্সচালক মো. নাসির হোসেন জানান, সর্বশেষ গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা এক রোগীকে সরকারি অ্যাম্বুলেন্সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গোয়ালন্দে ফেরার পথে অ্যাম্বুলেন্সটির সামনের একটি চাকা হঠাৎ ফেটে যায়। এরপর থেকেই অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে।
তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি সচল করতে নতুন চাকা সংযোজন করা প্রয়োজন। চাকা লাগানো হলে এটি আবার চালু করা সম্ভব হবে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (ভারপ্রাপ্ত) ডা. মো. রোমেল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চাকা নষ্ট হওয়ায় সরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে আছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু নতুন চাকা কেনা ও সংযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এখনো পাওয়া যায়নি। বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্সটি সচল করা যাচ্ছে না। ফলে এ হাসপাতাল থেকে রেফার করা রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দিতে পারছি না।
এদিকে, জরুরি রোগী পরিবহনের গুরুত্বপূর্ণ সরকারি অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে অ্যাম্বুলেন্সটি সচল করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও স্বজনরা।