স্টাফ রিপোর্টার: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ আন্তজেলা ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী রাজবাড়ী জেলা দলের খেলোয়াড়দের মাঝে ট্র্যাকস্যুট ও জার্সি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
অনুষ্ঠানে অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
তিনি আরও বলেন, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় রাজবাড়ীর তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ধরনের উদ্যোগ খেলোয়াড়দের উৎসাহিত করবে এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
অনুষ্ঠানে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ আন্তজেলা ক্রিকেট টুর্নামেন্টে রাজবাড়ী জেলা দলের অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ট্র্যাকস্যুট ও জার্সি তুলে দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।