স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশা নিধনে বিশেষ কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসকের নির্দেশনায় ফগার মেশিনের মাধ্যমে বিভিন্ন পাড়া-মহল্লায় মশা নিধনের ওষুধ স্প্রে করা হচ্ছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় পৌরসভার পরিদর্শক নুর আলম মিয়া জানান, এখন থেকে সপ্তাহে তিন দিন বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ স্প্রে করা হবে। এলাকাভিত্তিক পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাইফুল হুদা বলেন, মশা নিধন একটি চলমান কার্যক্রম। তবে এ কার্যক্রম আরও গতিশীল করতে স্প্রে করার দিন বাড়ানো হয়েছে। পৌরবাসীকে মশার যন্ত্রণা থেকে রক্ষা করতে বিভিন্ন পাড়া-মহল্লায় ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হচ্ছে।
তিনি আরও বলেন, নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।