স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মোঃ মহব্বত হোসেন (৫০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।তিনি সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে সদর উপজেলার ভান্ডারিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ মহব্বত হোসেন রাজবাড়ী সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ভান্ডারিয়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ী সদর থানার ১৪ জুন ২০২৬ তারিখে দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১১ ধারাসহ সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।